ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলাদি বাজারে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের এই অভিযোগ ওঠে। স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, এনসিপির বিজয় মিছিল থেকে একদল নেতাকর্মী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হামলায় কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুরসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয়েছে। বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এই ঘটনাকে রাজনৈতিকভাবে ভয় দেখানোর একটি অপচেষ্টা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে শুধু কার্যালয় ভাঙচুরই নয়, শনিবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটে। এই হামলায় সালা উদ্দিন, নবির, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসান নামে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে আহতদের দেখতে যান নোয়াখালী-৬ আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। তিনি এই বর্বরোচিত হামলার জন্য সরাসরি এনসিপির নেতাকর্মীদের দায়ী করেছেন। আহতদের আর্তনাদে হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শামছুল তিব্রিজ দাবি করেন, তাদের কোনো লোক এই ঘটনার সঙ্গে জড়িত নয়। উল্টো বিএনপির বিরুদ্ধেই তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, গত দুই দিনে বেশ কয়েকটি জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যাতে বিএনপি ও এনসিপি উভয় পক্ষের নেতাকর্মীরাই জড়িত। তবে বিএনপি কার্যালয় ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে তিনি জানান। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ