চীন-ভারত-পাকিস্তানের সঙ্গে ভারসাম্য রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

চীন-ভারত-পাকিস্তানের সঙ্গে ভারসাম্য রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

চীন-ভারত-পাকিস্তান সবার সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বিএনপি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “বাংলাদেশ এবং এ দেশের মানুষের বৃহত্তর স্বার্থ রক্ষা করেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব।”

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে—এ প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আছে। অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জ আছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও চ্যালেঞ্জ আছে। আমাদের অবশ্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছে। সুতরাং আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে।”

চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করব। যদি এমন কিছু থাকে, যা বাংলাদেশের পক্ষে না যায়, স্বাভাবিকভাবেই আমরা তা করব না। পারস্পরিক স্বার্থই হবে প্রথম অগ্রাধিকার।”

তিনি বলেন, “বেল্ট অ্যান্ড রোড যদি বাংলাদেশের উপকারে আসে এবং অর্থনীতির সহায়ক হয়, তখন আমরা সিদ্ধান্ত নেব।” তরুণদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ আমাদের সমর্থন দিয়েছেন, আমরা অবশ্যই তরুণদের কথা শুনব। তবে সমাজের সবার কথাই আমাদের শুনতে হবে।”

সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে তিনি বলেন, “সার্ক প্রতিষ্ঠা বাংলাদেশের উদ্যোগে হয়েছিল। আমরা চাই এটি সচল হোক। বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করব।”

শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “সেটা আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।” চীন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। আমরা আশা করি, একসঙ্গে কাজ করার মতো জায়গা তৈরি হবে।”

ভঙ্গুর অর্থনীতি, নিম্ন বিনিয়োগ ও মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমরা নতুন বিনিয়োগ আনব এবং কর্মসংস্থান সৃষ্টি করব।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন