ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্য সদ্য প্রয়াত জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তারা এই জিয়ারত করেন। এই দুই সংসদ সদস্য হলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও নবনির্বাচিত এমপি মো. আব্দুল গফুর এবং সদর আসনের নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা।
কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি আমির হামজা নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অনুভূতি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, “আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই বিজয় দিয়েছেন। তবে প্রকৃত বিজয় হচ্ছে কেয়ামতের বিজয়। সেই কঠিন দিনে যদি মানুষ পরিত্রাণ পায়, সেটাই হবে আসল সফলতা।” তিনি আরও উল্লেখ করেন, দুনিয়ার হার-জিত নিয়ে খুব বেশি আনন্দ বা দুঃখ করার কিছু নেই। মরহুম নেতার কবরের পাশে দাঁড়িয়ে জাগতিক অর্জনকে খুবই তুচ্ছ মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তবে আল্লাহ এবং জনগণ যে গুরুদায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই নবনির্বাচিত জনপ্রতিনিধি।
সরকার গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে মুফতি আমির হামজা স্পষ্ট করে বলেন, যেই দলই সরকার গঠন করুক না কেন, তারা জনগণের কাছে দেওয়া তাদের ১৬ দফা অঙ্গীকার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। এই অঙ্গীকারগুলো যেন শতভাগ দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করা যায়, সেদিকেই তাদের সজাগ দৃষ্টি থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, প্রশিক্ষণ সম্পাদক নুরুল আমিন জসিম ও মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিমসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি বিকেলে কুষ্টিয়া সদর আসনে মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জেলা জামায়াতের তৎকালীন আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ