ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: দেশের সীমান্তবর্তী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘোষিত ফলাফলকে ‘জনগণের রায়ের প্রতিফলন নয়’ বলে প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছে। স্থানীয় জনতা কয়েক স্থানে তাদের হাতেনাতে আটক করলেও প্রশাসনের প্রত্যক্ষ হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া ভোট গ্রহণের দিন ধানের শীষের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষের বৈধ ব্যালট অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধানের শীষের ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করার মতো নজিরবিহীন অনিয়ম হয়েছে বলে তিনি দাবি করেন।
নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, নির্বাচনের পরেও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং হত্যার মতো ঘটনা ঘটছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি বলেন, এই ফলাফল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ