নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তির মেয়াদ বাতিলের পর সেই পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে একই দিন পৃথক প্রজ্ঞাপনে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল করে সরকার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এম সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় ওএসডি হন এবং পরবর্তীতে ২০১৬ সালে অবসরে যান। পরিচিত মহলে ‘সিরাজ উদ্দিন সাথী’ নামে সুপরিচিত এই কর্মকর্তা আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে ৩২টি বই লিখেছেন। তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আমলাতন্ত্র নিয়ে তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ ও ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’। প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি তার এই বুদ্ধিবৃত্তিক চর্চা তাকে প্রশাসনের অন্দরমহলে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন