আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কোরআনের আয়াত সম্বলিত একটি পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন। পোস্টে নাসীরুদ্দীন লিখেন, ‘হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার সমর্থক সেখানে মন্তব্য করে তার প্রতি সংহতি প্রকাশ করেন। অনেক সমর্থকই লিখেছেন যে, ফলাফলে পিছিয়ে থাকলেও রাজপথের লড়াইয়ে তাদের ভালোবাসা ও সমর্থন নাসীরুদ্দীনের প্রতি আরও বেড়েছে।

এবারের নির্বাচনে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করায় শুরু থেকেই এই আসনটি সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তারুণ্য বনাম অভিজ্ঞতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস জয়ী হয়েছেন। নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীনের এমন আধ্যাত্মিক ও ধৈর্যশীল বার্তা তার সমর্থকদের মনোবল চাঙ্গা করার চেষ্টা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামাজিক মাধ্যমে তার অনুসারীরা ‘হেরে গিয়েও জিতে গেছি’ বা ‘রুখে দাঁড়ালে তুমিই বাংলাদেশ’—এমন নানা অনুপ্রেরণামূলক মন্তব্যে তাকে অভিবাদন জানাচ্ছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন