ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইসরায়েল পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, তা ইসরায়েল–ফিলিস্তিন শান্তি আলোচনার জন্য বড় ধাক্কা বলে মনে করছেন হেবরনের ভারপ্রাপ্ত মেয়র আসমা আল-শারাবাতি। তিনি বলেন, নতুন আইনি পরিবর্তনের ফলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নগর পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত থেকে বাদ পড়বে, এমনকি ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকাতেও। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
রোববার ইসরায়েলের নিরাপত্তা কাউন্সিল পশ্চিম তীরে ক্ষমতা কাঠামো বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই কাঠামো প্রায় ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অসলো চুক্তি অনুযায়ী গড়ে উঠেছিল। নতুন সিদ্ধান্তে ইসরায়েল ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকাতেও পৌর সেবা দিতে পারবে এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে। এর মধ্যে হেবরনের ইব্রাহিমি মসজিদ এলাকার কর্তৃত্ব নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্তও রয়েছে।
হেবরন পশ্চিম তীরের একটি উত্তেজনাপূর্ণ শহর, যেখানে ইসরায়েলি সেনাদের পাহারায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের পাশে বসবাস করছেন। স্থানীয় অধিকারকর্মী ইসা আমরো বলেন, এত দিন যেসব নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছিল, এখন তা আইনি রূপ পাচ্ছে। তাঁর মতে, এটি ফিলিস্তিনি অধিকার উপেক্ষা করে ভূমি দখল আরও পাকাপোক্ত করার শামিল।
বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাত লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করেন। ১৯৬৭ সালের যুদ্ধের পর দখল করা এই অঞ্চলগুলোকে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, এই পদক্ষেপে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা দুর্বল হবে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর সংযুক্তির বিরোধিতা করলেও বিস্তারিত কিছু বলেননি। যুক্তরাজ্য এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। দেশটির মন্ত্রী হামিশ ফ্যালকনার বলেছেন, তারা আশা করছে ইসরায়েল এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়ানো ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ