নদীতে ভেসে যাওয়ার পর ভারতে বৃদ্ধের লাশ, শেষ দেখার অপেক্ষায় স্বজনরা

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
নদীতে ভেসে যাওয়ার পর ভারতে বৃদ্ধের লাশ, শেষ দেখার অপেক্ষায় স্বজনরা

আন্তর্জাতিক ডেস্ক: দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে ভারতে চলে যাওয়া ইসমাইল হকের (৬০) মরদেহ আজ মঙ্গলবার পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

নিখোঁজের ১১ দিন পর হিলি সীমান্ত দিয়ে মরদেহটি বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।

গত ১ মে বিকেলে পুনর্ভবা নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন বিরল উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাঁর সন্ধান পায়নি। পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গের জয়দেবপুর এলাকার বাসিন্দারা একটি অজ্ঞাত লাশের খবর ফেসবুকে শেয়ার করলে ইসমাইলের স্বজনদের নজরে আসে। পরে ভারতের গঙ্গারামপুর থানায় গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেন সেখানে থাকা এক আত্মীয়।

ইসমাইলের পরিবার জানায়, কামদেবপুরের লালমাটিয়া স্লুইসগেটের কাছে মাছ ধরার সময় গেট খুলে দেওয়ায় প্রচণ্ড স্রোতে ইসমাইল ভেসে যান। সেখান থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে পুনর্ভবা নদী ভারতে প্রবেশ করেছে। ভারতের অভ্যন্তরে প্রায় ১৮ কিলোমিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

লাশ ফিরে পেতে গত ৫ মে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পরিবার। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন জানান, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ভারতীয় পুলিশ গঙ্গারামপুর থানায় একটি মামলা করেছিল। আজ মঙ্গলবার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করার কথা রয়েছে।

ইসমাইল হক তিন মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন। তাঁর দীর্ঘ প্রতীক্ষিত মরদেহ ফিরে পাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন