মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা

মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী (এম.পি)-কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে প্রেসক্লাব মহম্মদপুর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই ছিল তার প্রথম মহম্মদপুর সফর।

প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, "প্রেসক্লাব মহম্মদপুরের এই আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।" তিনি আরও বলেন, মাগুরার কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং মহম্মদপুরের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান।

এর আগে মন্ত্রী মহোদয় মহম্মদপুরে পৌঁছে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। প্রেসক্লাব মহম্মদপুরের অনুষ্ঠান শেষে তিনি মহম্মদপুর আর এস কে এইচ ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক বিশাল নাগরিক সংবর্ধনায় যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন