কুমিল্লায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন
হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জমায়েত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়ে আসছে। এই কেন্দ্রে এলাকার প্রায় ৪ থেকে ৫ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রটি ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাধারণ ভোটারদের জন্য চরম দুর্ভোগের কারণ হবে।
এলাকাবাসীর দাবি, উচ্চ বিদ্যালয়টিতে পর্যাপ্ত কক্ষ, বিশাল ভবন ও বড় মাঠ থাকায় ভোটারদের লাইন ধরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে সুবিধা হয়। কিন্তু প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়টিতে জায়গার পরিমাণ বেশ কম।
সমাবেশে আমড়াতলী ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধিদল কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।
এআইএল/সকালবেলা