ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— খারুয়ালী গ্রামের শাহাবুদ্দিন (৬০) এবং তাঁর চাচাতো ভাই ধনু মিয়া (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহাবুদ্দিন ও ধনু মিয়া গ্রামের একটি ধানক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান। ওই সময় ক্ষেতের পানিতে পল্লী বিদ্যুতের একটি ছিঁড়ে পড়া তার সচল অবস্থায় ছিল। জমিতে কাজ করার একপর্যায়ে তাঁরা দুজনই অসাবধানতাবশত ওই সংবেদনশীল তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে তাঁদের উদ্ধার করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। অরক্ষিত বিদ্যুৎ লাইনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন