ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক
এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে অস্টিন (৩৯) নামের এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করার পর রাত পৌনে ১১টার দিকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রের তথ্য মতে, সীমান্ত এলাকার স্থানীয় এক বাসিন্দার বাড়িতে অবৈধ অনুপ্রবেশকারী নাইজেরীয় নাগরিক অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে ৪ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নাইজেরীয় নাগরিক জানান, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ঢাকা থেকে ফেনীর পরশুরামে পৌঁছান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|