বিদ্যুৎ গেলেই আলীকদমে অচল রবি-এয়ারটেল
ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট হলেই রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় টাওয়ারগুলোতে পর্যাপ্ত ব্যাকআপ সুবিধা (ব্যাটারি বা জেনারেটর) না থাকায় সামান্য লোডশেডিংয়েই সেবা বিচ্ছিন্ন হয়ে হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়ছেন।
গ্রাহকদের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কোনো স্থায়ী সমাধান করছে না কর্তৃপক্ষ। রবি গ্রাহক বদিউর রহমান রুস্তম অভিযোগ করেন, এলাকা থেকে প্রত্যাশিত রাজস্ব (রেভিনিউ) না পাওয়ার অজুহাতে ব্যাকআপ পাওয়ারের ব্যবস্থা করা হবে না বলে অপারেটরটির আঞ্চলিক দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেছেন। লাইসেন্সধারী একটি প্রতিষ্ঠান সিম বিক্রি ও সেবার মূল্য নেওয়ার পর রেভিনিউয়ের অজুহাতে এমন বৈষম্যমূলক আচরণে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।
নেটওয়ার্ক না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও পেশাজীবীরা। আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ, ফাইল আদান-প্রদান ও নির্ধারিত সময়ের কাজ জমা দিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ফ্রিল্যান্সাররা। তা ছাড়া জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং মোবাইল ব্যাংকিং লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক না থাকার সত্যতা স্বীকার করলেও রেভিনিউ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রবি’র সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার।
গ্রাহকদের স্বার্থ রক্ষা ও পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে অনতিবিলম্বে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরুরি হস্তক্ষেপ এবং টাওয়ারগুলোতে ব্যাকআপ পাওয়ারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এআইএল/সকালবেলা
|