বরিশালে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
সাঈদ পান্থ, বরিশাল: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে স্মরণসভা, দোয়া মাহফিল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে রহমাতুল্লাহ সমাজকল্যাণ সংস্থা (আরএসএস)।
নগরীর বিডিএস ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত নারীর হাতে এ সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। তিনি বলেন, "দেশের সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজসেবীদের এগিয়ে আসতে হবে।"
প্রধান আলোচক বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বীর নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন এবং অধ্যাপক ডা. আমিনুল হক।
এর আগে সংস্থার উদ্যোক্তা নাজমুস সাকিব স্বাগত বক্তব্য দেন। তারিক সুলাইমান ও ইলিয়াস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
এআইএল/সকালবেলা
|