সৈয়দপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
সৈয়দপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী দম্পতিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে বিদেশি মদসহ আরও এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউপির কিছামত এলাকার মো. শামীম (৩১) ও তাঁর স্ত্রী মোছা. আদরি আক্তার (২৭)। অন্যদিকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার হওয়া অপর মাদক ব্যবসায়ী হলেন কাজীপাড়া এলাকার আতাউর রহমান কালু (৪৩)।

পুলিশ জানায়, রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিমের নির্দেশনায় এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ শামীমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে একই রাতে শহরের কাজীপাড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৪ বোতল দেশীয় 'কেরু অ্যান্ড কোং'-এর মদ ও ১৫টি খালি বোতলসহ আতাউর রহমান কালুকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন