সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা ও রাষ্ট্র কাঠামোর বিবর্তনমূলক প্রক্রিয়ায় সব অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতেই এমন একটি সংবিধান সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং টেকসই গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান, বীর শহীদদের মহান আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকুল আকাঙ্ক্ষার আলোকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করা আমাদের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সংবিধান সংশোধনের মাধ্যমেই নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হবে।”
কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলের পক্ষ থেকে অন্তর্ভুক্তির জন্য পাঁচজন সদস্যের নাম এখনো আনুষ্ঠানিকভাবে না পাওয়া গেলেও তারা নাম পাঠানো মাত্রই তা সাদরে গ্রহণ করা হবে। এমনকি কমিটি সভায় সরাসরি উপস্থিত হয়ে কিংবা লিখিতভাবে মতামত পাঠালেও তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংবিধান সংশোধনে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চ্যালেঞ্জ দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “কমিটির সামনে বাধা বা চ্যালেঞ্জের চেয়েও বেশি রয়েছে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের বিশাল দায়বদ্ধতা।”
‘জুলাই জাতীয় সনদ’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সনদে যেসব রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, সেগুলো সরাসরি সংশোধন প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব বিষয়ে দলগুলোর ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলোও একইভাবে তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোও উন্মুক্ত আলোচনার টেবিলে আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।
|