শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে কোটি টাকার প্রকল্প, পরিদর্শনে ইউএনও

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে কোটি টাকার প্রকল্প, পরিদর্শনে ইউএনও

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে পরিচালিত এই উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।

জানা গেছে, গত ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহ পরিদর্শনে এসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল মাঠের অবকাঠামোগত আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় সরকার ৬ কোটি টাকার এই বিশেষ প্রকল্প অনুমোদন দেয়।

প্রকল্পের অধীনে ঈদগাহ মাঠ মাটি ভরাট করে উঁচু করা, ড্রেনেজ ব্যবস্থা ও স্লোপ তৈরি, দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল এবং আধুনিক প্রবেশদ্বার নির্মাণ করা হবে। একই সাথে লাখো মুসল্লির সুবিধার্থে পুকুরে ৩টি ঘাটলা, ঈদগাহ সংলগ্ন মসজিদকে তিনতলায় উন্নীতকরণ এবং সুসজ্জিত ওজুখানা ও ওয়াশরুম নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

পরিদর্শন শেষে ইউএনও কামরুল হাসান মারুফ জানান, আগামী ঈদুল ফিতরের আগেই মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল এবং পুকুরের ঘাটলা নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৬ তারিখে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে ঐতিহাসিক এই ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়া দেশ-বিদেশের লাখো মুসল্লির ভোগান্তি নিরসন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন