জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘নোবিপ্রবি ব্লাড ব্রিগেড’ ও ‘নোয়াখালী ব্লাড ব্যাংক’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় তিনি রক্তদানের মহান গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, রক্তদান কর্মসূচির পাশাপাশি উপস্থিত সকলের জন্য বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুব্যবস্থা করা হয়। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিনামূল্যে রক্তের গ্লুকোজ পরীক্ষার বিশেষ ব্যবস্থাও রাখা হয়।

আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের অমর স্মৃতি সংরক্ষণ এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন