নেশাখোর বলা নিয়ে হট্টগোলে কোটালীপাড়ায় ব্যবসায়ী আহত

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
নেশাখোর বলা নিয়ে হট্টগোলে কোটালীপাড়ায় ব্যবসায়ী আহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ বাজারে ডেকোরেশনের চেয়ার চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে ডেকোরেশনের চেয়ার চাওয়াকে কেন্দ্র করে দুই ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (২৪ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনায় সমীর বিশ্বাস নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিগঞ্জ বাজারের ডেকোরেশন ব্যবসায়ী সমীর বিশ্বাস ও একই বাজারের টাইলস ব্যবসায়ী মিলন বাড়ৈর মধ্যে চেয়ার চাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার সময় মিলন বাড়ৈ সমীর বিশ্বাসকে ‘নেশাখোর’ বলে মন্তব্য করলে ক্ষুব্ধ হয়ে সমীর মিলনের দোকানের একটি টাইলস ভেঙে ফেলেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরবর্তীতে অভিযোগ উঠে যে, মিলন বাড়ৈ তার কাছে থাকা একটি আম কাটার ছুরি নিয়ে সমীরকে আঘাত করতে তেড়ে যান।

এ সময় দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তির সৃষ্টি হলে সমীর বিশ্বাসের শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত সমীর বিশ্বাসকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় কালিগঞ্জ বাজার এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা বিরাজ করে। তবে এই সংঘাতের বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন