দুই পা হারিয়েও দুই হাতে নৌকা টেনে সংসার চালান আলাউদ্দিন

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ
দুই পা হারিয়েও দুই হাতে নৌকা টেনে সংসার চালান আলাউদ্দিন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই হাতে নৌকা টেনে নদী পারাপার করছেন শারীরিক প্রতিবন্ধী আলাউদ্দিন (ফাইল ছবি)।

জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জন্ম থেকে নয়, মাত্র ১৩ বছর বয়সে পোলিওর নির্মম আঘাতে দুটি পা হারিয়ে ফেলেন তিনি। সাধারণ মানুষের কাছে যেখানে জীবন থেমে যাওয়ার কথা, সেখানে হার না মেনে নিজের দুই হাতকেই শক্তি বানিয়ে আজও অদম্য জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের প্রতিবন্ধী আলাউদ্দিন।

যৌবনে সংসার গড়েছিলেন তিনি। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওনার চার সদস্যের পরিবার। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে প্রতিদিন নিজের সীমাহীন শারীরিক কষ্ট ভুলে দুই হাতে নৌকা টেনে মানুষ পারাপার করেন তিনি। দিন শেষে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।

কয়েক বছর আগে ওনার অসহায় জীবনসংগ্রামের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন সমাজসেবক মামুন বিশ্বাস। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক হৃদয়বান মানুষের সহযোগিতায় আলাউদ্দিনের জন্য একটি নতুন নৌকা কেনা হয়। দীর্ঘদিন ব্যবহারের পর সেই নৌকাই এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবুও বিকল্প কোনো পথ না থাকায় সেই নৌকাতেই ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন তিনি।

শুধু নৌকাই নয়, আলাউদ্দিনের বসতঘরটির অবস্থাও জরাজীর্ণ। বৃষ্টি নামলেই চালের ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি পড়ে। তখন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের এক কোণে গাদাগাদি করে রাত কাটাতে হয় তাদের।

জীবনের প্রতিটি দিন যেন ওনার কাছে নতুন এক সংগ্রামের নাম। তবুও মুখে কোনো অভিযোগ নেই, আছে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা।

স্থানীয়দের দাবি, আলাউদ্দিনের জন্য একটি টেকসই ও নিরাপদ বসতঘর এবং একটি নতুন নৌকার ব্যবস্থা করা হলে তিনি সম্মানের সঙ্গে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবেন। সমাজের বিত্তবান ও প্রশাসনের মানবিক সহায়তাই এখন এই পরিবারের একমাত্র ভরসা।

মন্তব্য করুন