সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় প্রধান: দেশের অগ্রযাত্রাকে নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের বৈরী বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত প্রধান খাত হিসেবে এগিয়ে নেওয়ার গুরুত্বারোপ করেছেন তিনি।
আজ শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিংয়ের মতো মেধাভিত্তিক প্রযুক্তির সুনির্দিষ্ট খাতে উল্লেখযোগ্য কাজ শুরু হয়েছে। দেশের একাধিক প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে নিজেদের মেধার স্বাক্ষর রেখে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেছে।" তিনি স্পষ্ট করেন, এই খাতকে সরকার জাতীয় অগ্রাধিকারভিত্তিক শিল্পের মর্যাদা প্রদান করেছে এবং এর সুষম ও দ্রুত বিকাশে সমন্বিত জাতীয় রূপরেখা গ্রহণ করছে।
সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে সরকারের নেওয়া বিশেষ সুবিধা তুলে ধরে তিনি জানান, চলতি জাতীয় বাজেটে এই খাতের জন্য প্রয়োজনীয় সমস্ত কাঁচামাল আমদানির ওপর থেকে সব ধরণের কর ও শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানির ক্ষেত্রে অর্জিত আয়ের ওপর সরাসরি নগদ প্রণোদনা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্ত খাতে নতুন ও তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ইতিহাসের প্রথমবারের মতো বার্ষিক ৫০০ কোটি টাকার 'স্টার্টআপ অনুদান' তহবিল গঠন করার কথা নিশ্চিত করেন তিনি।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে সরকারি নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক, বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
দুই দিনব্যাপী বিস্তৃত এই আন্তর্জাতিক সম্মেলনের কর্মসূচিতে মোট ১১টি প্লেনারি সেশন, সাতটি উচ্চপর্যায়ের কৌশলগত প্যানেল আলোচনা এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন রয়েছে।
সামিটে বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে সরাসরি বক্তব্য রাখবেন বিশ্বখ্যাত টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) ড. আহমেদ বাহাই এবং যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস। এ ছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালাইয়েন্সের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিরাও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এরও পর্দা উঠেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং হেলথ-টেকভিত্তিক নানা অ্যাডভান্স উদ্ভাবন মোট ৩৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে।
|