আখাউড়ায় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আখাউড়া থানা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবুল আখাউড়া উপজেলার নূরপুর এলাকার আব্দু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ বিশেষ অভিযানে অংশ নেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে আখাউড়া থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-১৫/২৩৪) ৪৭ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির একাধিক ধারা সহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৫ ও ৬ ধারায় রুজু করা হয়েছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সংঘাতের অভিযোগে দায়ের করা মামলার সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
|