অবৈধভাবে সার মজুত: জামায়াত নেতাকে জরিমানা

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
অবৈধভাবে সার মজুত: জামায়াত নেতাকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে বেআইনিভাবে ইউরিয়া সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর বাড়ি থেকে মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের বাসায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাতে একটি অটোরিকশায় করে অবৈধভাবে সারের বস্তা গুদামে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, নিয়মবহির্ভূতভাবে ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার এনে নিজ জিম্মায় রেখেছিলেন ওই ব্যক্তি। তথ্য পেয়ে অভিযান চালিয়ে সার জব্দ ও তাঁকে জরিমানা করা হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে, যা স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির অভিযোগ তুলে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউসুফ আলী জানান, নিজের জমি ও আশপাশের কয়েকজন কৃষকের ব্যবহারের জন্য কেনা সার বিতরণের আগেই প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়েছে। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন