খুলনায় জোড়া হত্যাকাণ্ড: অস্ত্রসহ সাইফি গ্রেপ্তার
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাইফি নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
শুক্রবার (২১ আগস্ট) রাতে র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে সাইফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সন্ধ্যায় খুলনার লবণচরা থানার আশিবিঘা বালুর মাঠ এলাকায় দুই যুবককে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইফি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে গোপালগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের দাবি, প্রাথমিক অনুসন্ধানে এই জোড়া হত্যাকাণ্ডের সাথে সাইফির সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা
|