দিনাজপুরে বোরো চারা রোপণে ব্যস্ত কৃষকরা

দিনাজপুরে বোরো চারা রোপণে ব্যস্ত কৃষকরা

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে আমন ধান ঘরে তোলার পর এখন ইরি-বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই জেলার সর্বত্র পুরোদমে চলছে বোরো আবাদের কাজ। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও বীজ তোলা হচ্ছে, আবার কোথাও চলছে চারা রোপণের কাজ।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ১ লাখ ৭৪ হাজার ৭২২ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগামী ১৫ মার্চের মধ্যেই চারা রোপণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তবে চাষাবাদে খরচ বৃদ্ধি নিয়ে কৃষকদের মাঝে কিছুটা উদ্বেগ রয়েছে। কৃষকরা জানান, প্রতি বিঘা জমি চাষ দিতে খরচ হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা। এছাড়া সেচ বাবদ দিতে হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। সার ও কীটনাশকের উচ্চমূল্য এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ডিলারদের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদামতো না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা স্বপ্ন দেখছেন, নতুন সরকার উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন