ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের (গণধর্ষণ) চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: ১. মো. ফারুক হোসেন (পিতা: আজিজুল হক) ২. মুনছুর আলী (পিতা: আলী আকবর) ৩. ফেরদৌস হোসেন (পিতা: শফিকুল ইসলাম) দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া গ্রামে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জাহিদুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে জামালপুর সদর উপজেলার মেছেরচোরা মোড় এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। আসামিরা ভুক্তভোগী নারীর স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে তাঁকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় পরদিন (২০ জুলাই) ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।
মামলায় মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আসামিদের অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "এই দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ