সুন্দরবনে ‘দয়াল বাহিনীর’ সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ‘দয়াল বাহিনীর’ সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: সুন্দরবনে কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দল ‘দয়াল বাহিনীর’ সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১০ মার্চ ) কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে যে, দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড বেইজ মোংলা ও আউটপোস্ট নলিয়ানের একটি দল দাকোপ থানাধীন শিবসা নদীতে অবস্থান নেয়। সেখান থেকেই আব্দুল হালিমকে আটক করা হয়।

আটককৃত হালিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপের টাকাতোলা খাল সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় নিম্নোক্ত সরঞ্জাম জব্দ করা হয়:

  • একটি (০১) একনলা বন্দুক।

  • চার (০৪) রাউন্ড তাজা কার্তুজ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। বনদস্যুদের এই দলটিকে অস্ত্র, গোলাবারুদ ও খাদ্য রসদ সরবরাহে তিনি মূল ভূমিকা পালন করতেন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত রাখতে এবং বনের ওপর নির্ভরশীল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন