ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের সলঙ্গায় প্রভাব খাটিয়ে অন্যের বসতবাড়ির মাঝখানে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে বাবলু তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবারটি। প্রতিকার চেয়ে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন তাঁরা।
বুধবার (১১ মার্চ ) সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী মোস্তাফিজুরের বাড়ির ঠিক মাঝখানে বেড়া দেওয়া হয়েছে। অভিযুক্ত বাবলু তালুকদার একই গ্রামের মৃত হামিদ তালুকদারের ছেলে।
মোস্তাফিজুরের স্ত্রী অভিযোগ করে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, আগে কখনো কেউ এই জায়গা দাবি করেনি। হঠাৎ বাবলু তালুকদার নিজে আমিন এনে জায়গা মেপে বলেন বাড়ির অর্ধেক নাকি তাঁর। আমরা আপত্তি জানালে তিনি জোরপূর্বক বাড়ির মাঝখানে বেড়া দেন এবং ঘর ভেঙে সরিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছেন।" তিনি আরও দাবি করেন যে, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুনরায় জমি মেপে যার যার সঠিক সীমানা নির্ধারণ করে দেওয়া হোক।
অভিযুক্ত বাবলু তালুকদার মুঠোফোনে জানান, তিনি ২০ শতক জায়গা কিনেছিলেন যা দীর্ঘদিন মাপা হয়নি। সম্প্রতি আমিনের মাধ্যমে মেপে তিনি তাঁর অংশ বের করে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, মোস্তাফিজুররা ২৯ শতক কিনলেও আরএস রেকর্ডে ২৩ শতক টিকেছে। বাকি ৬ শতক জায়গা কম থাকার কারণে এখন তাঁর ক্রয়কৃত অংশ বাড়ির ভেতরে পড়েছে। তবে পুনরায় জমি মাপার বিষয়ে তিনি সম্মতি প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আদালত থেকে নোটিশ জারি করা হয়েছে। সলঙ্গা থানার এসআই দাউদ জানান:
“আদালতের নোটিশ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছি। বর্তমানে ওই জায়গার ওপর ১৪৪ ধারা জারি করা আছে।”
বিরোধপূর্ণ এই জমি নিয়ে এলাকায় সালিশি বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ