ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত: নিশ্চিত করলেন প্রেসিডেন্ট

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আহত: নিশ্চিত করলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তিনি আহত হন বলে বুধবার (১১ মার্চ ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, মোজতবা খামেনি আহত হলেও বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। তিনি লিখেছেন,

“আমি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনে খোঁজ নিয়েছি। আল্লাহর রহমতে তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির পরিবারের বেশ কয়েকজন সদস্য ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান। এরপর গত রোববার (৯ মার্চ) খামেনির দ্বিতীয় সন্তান ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’।

মোজতবা খামেনি আগে কখনো কোনো সরকারি বা নির্বাচনী দায়িত্ব পালন করেননি। তবে তাঁর বাবা জীবিত থাকাকালীন ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও ইসলামিক বিপ্লবী গার্ডের (IRGC) ওপর তাঁর ব্যাপক প্রভাব ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন তাঁর আহত হওয়ার খবর প্রচার করলেও ঠিক কোথায় বা কীভাবে তিনি আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সাথে চলমান সংঘাতের কোনো পাল্টা হামলার সময় এই ঘটনা ঘটে থাকতে পারে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন