ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সজিব নামে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমা ওয়ালা গ্রামের শাহ আলামের ছেলে। সে মুরাদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের গ্যারেজে চাকরি করত। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর হামলা চালায়। পরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে আলিমের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, আমার স্বামীকে এলাকাবাসী নিজ থেকে ইউপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আমার স্বামীর জনপ্রিয়তাকে মানতে নারাজ। মঙ্গলবার পরিষদে চাল বিতরণকে কেন্দ্র করে আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছিল। তিনি বলেন, পরে সন্ধ্যায় শাহাবুদ্দিনের অনুসারীরা চারটি সিএনজি ও দুটি মোটরসাইকেল নিয়ে ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। এ সময় তাদেরকে এলাকাবাসী প্রতিহত করতে গেলে আমাদের এলাকার বেশ কয়েকজন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
শাহাবুদ্দিন বলেন, আমার এলাকায় একটি রিকশার ব্যাটারি চুরি হয়েছিল। এ ঘটনায় একটি সালিশি বৈঠক হয়। সেই বৈঠকে আমি ভুক্তভোগীর পক্ষে ছিলাম এবং আলিম চোরের পক্ষে ছিল। একপর্যায়ে চুরির ঘটনাটি ২০ হাজার টাকার মাধ্যমে মীমাংসা হলে ১৫ দিনের জন্য টাকাগুলোর জামিনদার নেন আলিম। দীর্ঘদিন হয়ে গেলেও জামিনের টাকাগুলো না দেওয়াতে আলিমকে জিজ্ঞেস করলে সে আমার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করে। তিনি বলেন, মঙ্গলবার (১০ মার্চ) আমার এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করি। ইফতারের পরে সজীবসহ আমার কয়েকজন অনুসারী সিএনজিযোগে গোপ্তাখালীর দিকে গেলে সেখানে আলিমের অনুসারীরা আমার লোকদের ওপর হামলা চালায়। ওই হামলাতেই সজীব নিহত হয়।
সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা মহিনুর ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সজীব নামের একজন নিহত হয়েছেন। এতে ৭/৮ জন আহত হয়েছেন। সজিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আসল ঘটনা উদঘাটনের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ