ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর।
বুধবার (১১ মার্চ ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা সব কটি মামলায় জামিন নিশ্চিত হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আনিস আলমগীরের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী:
তাঁর নামে মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
পারিবারিক ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।
বৈধ আয়ের উৎস থেকে তাঁর আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা।
তদন্তে তাঁর ঘোষিত আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া যায়, যা মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ।
এর আগে গত ১৪ ডিসেম্বর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরিয়ান আহমেদ নামক এক ব্যক্তির করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। গত ৫ মার্চ উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে সেই মামলায় তিনি জামিন পান। আজ দুদকের মামলায় জামিন পাওয়ায় তাঁর দীর্ঘ কারাবাসের অবসান হতে যাচ্ছে।
আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেই তিনি মুক্তি পাবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ