ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃদুলাল গজারিয়া মুন্সিগঞ্জ, প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) ভোররাত তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন—স্থানীয় গোয়ালিমান্দ্রা এলাকার বেদেপল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও মো. শহিদুলের ছেলে ছানারুল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় ওই দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তারা গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে লৌহজং থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকার একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটেছিল। ওই চুরির পেছনে নিহত দুজন জড়িত ছিলেন বলে এলাকাবাসী আগে থেকেই সন্দেহ করে আসছিল। আজ ভোরে ক্লিনিকে চুরি করতে গেলে তারা জনগণের রোষানলে পড়েন। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রয়াধীন এবং জড়িতদের আইনের আওতায় আনতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ