হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলো থেকে রোগী ভাগিয়ে নেওয়া এবং ট্রলি সিন্ডিকেটসহ সব ধরনের দালালের দৌরাত্ম্য কঠোরভাবে নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ সেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়বে, এটা আর বরদাশত করা হবে না। দালালের দৌরাত্ম্য রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। হাসপাতালের বেডশিটসহ অন্যান্য কাপড় নিম্নমানের ওয়াশ (পরিষ্কার) করার বিষয়টি নজরে আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিল কেটে নেওয়ার জন্য হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন।

হাসপাতালগুলোতে জনবল সংকটের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, “প্রয়োজনের তুলনায় বর্তমানে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম। তবে দ্রুত নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।” একই সঙ্গে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সংখ্যা বৃদ্ধি, মানোন্নয়ন এবং রোগীদের জন্য সরকারি ওষুধের সরবরাহ বাড়ানোর আশ্বাস দেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সম্পদ সীমিত হলেও সেই সীমাবদ্ধতার মধ্যেই জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে ঢাকা মেডিকেলসহ সারাদেশে রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ/সকালবেলা

মন্তব্য করুন