ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই যশোরের মণিরামপুর বাজারে ভয়াবহ যানজট দেখা দিয়েছে।
বিশেষ করে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাজার এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী, রোজাদার ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। রমজানে কেনাকাটার চাপ বাড়ায় পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের প্রধান রাস্তার দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে দোকান বসানো এবং ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকের অবাধ চলাচলের কারণে এই তীব্র যানজট তৈরি হচ্ছে। বাজারের সরু রাস্তায় যত্রতত্র ইজিবাইক থামিয়ে যাত্রী ওঠানামা করার ফলে অনেক সময় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িও দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যাচ্ছে। মণিরামপুর বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো বা কেনাকাটা শেষ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এতে করে ব্যবসায়িক লেনদেন ও দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রমজানের এই বাড়তি চাপ সামলাতে বাজার এলাকায় কার্যকর ট্রাফিক পুলিশি ব্যবস্থা না থাকাকেই মূল কারণ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে বাজার এলাকাকে যানজটমুক্ত করতে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ পার্কিং বন্ধ এবং বাজার এলাকায় নিয়মিত প্রশাসনিক মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না করলে সামনের ঈদ বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ