হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের সুবিধার্থে ‘মা ও শিশু কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এই কর্নারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, সেবা প্রত্যাশী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্মিত এই ‘মা ও শিশু কর্নার’-এ কার্যালয়ে আসা মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে মাতৃদুগ্ধপান কেন্দ্রের (ব্রেস্ট ফিডিং কর্নার) ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদন ও দেখভালের জন্য একটি আধুনিক ডে-কেয়ার সুবিধাও এখানে সংযুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে দূর-দূরান্ত থেকে আসা মায়েরা তাদের শিশুদের নিরাপদ ও আনন্দঘন পরিবেশে রেখে নিশ্চিন্তে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মানবিক ও সেবাবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি সেবার গুণগত মান বৃদ্ধিতে এবং মায়েদের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। হবিগঞ্জবাসীর জন্য জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন