সাপাহারে জমি নিয়ে বিরোধে ভাই-বোনের মারামারি: জখম ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৫

সাপাহারে জমি নিয়ে বিরোধে ভাই-বোনের মারামারি: জখম ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৫

মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। নিহত শহিদুল ইসলাম গোয়ালা খরিবোন গ্রামের মৃত আমির আলীর ছেলে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ইউনিয়নের লক্ষীতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাই-বোনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোসা. বৈইফুল খাতুন বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর সাপাহার থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মতিবুর ইসলাম (৫৫), মো. রফিকুল ইসলাম (৭০), মো. আল মামুন (২০), মো. আব্দুর রায়হান (২০) এবং মো. শফিকুল ইসলাম। সাপাহার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন