ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দেশটিতে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থাটি।
ইউএস-বাংলা এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। এরপর চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে সেটি আবুধাবির উদ্দেশে রওনা হবে। একই ফ্লাইট আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে এই ফ্লাইটটি পরিচালিত হবে।
আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ এই ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮ জন ফ্লাইট ক্রু আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে আছেন। আজ ৪ মার্চ ইউএস-বাংলার বিএস-৩৪২ ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
ইউএস-বাংলা জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ