প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: এস এম জিলানী

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই: এস এম জিলানী

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার (৮ মার্চ ২০২৬) কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এক মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এস এম জিলানী

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, "আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষ আমার উপরে যে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন, আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করব।"

নির্বাচনী প্রতিকূলতা প্রসঙ্গে তিনি বলেন:

"কিছু পথভ্রষ্ট মানুষ নির্বাচনের পূর্বে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করে ধানের শীষের বিজয়কে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা আমার বিজয়কে ত্বরান্বিত করেছে। আমি এখন সাধারণ মানুষের অভিভাবক হিসেবে কাজ করে কোটালীপাড়ার সামগ্রিক উন্নয়ন করতে চাই।"

তিনি আরও জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে আশ্বস্ত করেছেন যে কোটালীপাড়াকে আলাদা চোখে দেখা হবে না এবং দেশের মূলধারার সমান্তরালে এখানে উন্নয়ন করা হবে। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, "আপনারা বিধি অনুযায়ী উন্নয়ন প্রকল্প নিয়ে আসবেন, আমরা তা বাস্তবায়ন করব। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার মানুষ নির্ভয়ে আমার পতাকাতলে সামিল হয়ে উন্নয়নের শরিক হতে পারেন। আমি আজীবন আপনাদের পাশে থাকব।"

উপজেলা বিএনপি'র সভাপতি স এম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন