গাজীপুরে বিয়ের একদিন পর পোশাক কর্মীর আত্মহনন, স্বামী পলাতক

গাজীপুরে বিয়ের একদিন পর পোশাক কর্মীর আত্মহনন, স্বামী পলাতক

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিয়ের মাত্র একদিন পর এক নারী পোশাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে শ্রীপুর পৌরসভার ভাঙনাহাটি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।

নিহত জোছনা আক্তার (৩৪) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি শ্রীপুরের 'ঢাকা পোশাক কারখানায়' কর্মরত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জোছনা আক্তার কিছুদিন আগে তাঁর প্রথম স্বামীকে ডিভোর্স দেন। এরপর 'আমান টেক্স' কারখানার শ্রমিক ইয়াসিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার (৭ মার্চ) তাঁরা বিয়ে করেন এবং ভাঙনাহাটি গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় ওঠেন।

নিহতের বাবা সাইদুর রহমান জানান, "শনিবার বিয়ের পর দ্বিতীয় স্বামীকে নিয়ে সে ভাড়া বাসায় ছিল। রোববার বিকেলে খবর পাই মেয়ে ফাঁসি দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখলেও তাঁর স্বামী ইয়াসিনকে সেখানে পাওয়া যায়নি।"

স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন জানান, ইয়াসিনের আগের স্ত্রী তাঁকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। শনিবার বিয়ের পর রাতে তাঁরা একসাথেই ছিলেন। রোববার সকালে ইয়াসিন কর্মস্থলে চলে যাওয়ার পর দিনের কোনো এক সময় জোছনা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন