ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে 'সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ' জেলা শাখা।
রোববার (৮ মার্চ ২০২৬) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক প্রভাষক মো. রায়হান কবীর (মিঠু)-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. সোহেল রানা-এর সঞ্চালনায় মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংহতি প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দফতর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ।
মানববন্ধনে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। তাদের মূল দাবি ও বক্তব্যগুলো হলো:গত ২০-২৫ বছর ধরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা অভিযোগ করেন, অধিকাংশ প্রতিষ্ঠান বিগত বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হওয়ায় তারা আওয়ামী সরকারের সময় রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন।
তাঁরা 'এমপিও নীতিমালা ২০২১' বাতিলের দাবি জানান এবং 'স্বীকৃতি'কেই এমপিওভুক্তির একমাত্র মানদণ্ড করার আহ্বান জানান।
বেতন না থাকায় অনেক শিক্ষক দিনমজুরি বা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এবং অনেকে ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
২০২৪ সালের ৭ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে নেতারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার রক্ষায় দ্রুত সকল সচল প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ