ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ): সৌদি আরবের আল-খারিজ শহরে মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের সৌদি প্রবাসী মোঃ বাচ্চু মিয়া (৩৫) নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জেরে চালানো এই হামলায় তাঁর মৃত্যু হয়।
নিহত বাচ্চু মিয়া জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের মোঃ রইছ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আল-খারিজ শহরে একটি মিসাইল হামলার ঘটনায় তিনি প্রাণ হারান। বিস্ফোরণের তীব্রতায় তাঁর মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবারকে জানানো হয়েছে।
বাচ্চু মিয়ার অকাল মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন দিশেহারা। প্রতিবেশীরা জানান, বাচ্চু মিয়া অত্যন্ত পরিশ্রমী ও অমায়িক মানুষ ছিলেন। নিয়মিত বাড়িতে অর্থ পাঠিয়ে তিনি পরিবারের ভরণপোষণ নিশ্চিত করতেন।
সৌদি আরবের আল-খারিজের মতো শহরে এ ধরনের হামলার ঘটনায় কটিয়াদীর অন্যান্য প্রবাসীদের পরিবারের মধ্যেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শোকাতুর পরিবার ও এলাকাবাসীর দাবি, সরকারের পক্ষ থেকে দ্রুত বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সাথে, এতিম হয়ে যাওয়া সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতারও আবেদন জানিয়েছেন তাঁরা।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তার আশ্বাস দিয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ