ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মাধবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাধবপুর গ্রামের প্রয়াত ক্ষুদিরাম ভৌমিকের ছেলে কৃষক অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তার স্ত্রী মিনাক্ষি রানী ভৌমিক (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে গবাদিপশুর জন্য ঘাস কাটার বৈদ্যুতিক মেশিন চালু করতে যান অমরেন্দ্র নাথ ভৌমিক। ওই সময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া বা অরক্ষিত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে তার স্ত্রী মিনাক্ষি রানী দ্রুত এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। একপর্যায়ে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রতিবেশী নব কুমার দাস বলেন, “সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘর থেকে ঘাস কাটার শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি অমরেন্দ্র নাথ মাটিতে পড়ে আছেন, আর তার স্ত্রী মেশিনটি ধরে বিদ্যুতায়িত হয়ে কাঁপছেন। তাৎক্ষণিক বিপদ বুঝতে পেরে আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাদের বাঁচাতে পারেননি।”
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাধবপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|