লন্ডনে মদের বার কিনে মসজিদ বানিয়ে দৃষ্টান্ত গড়লেন রাউজানের সন্তান
বিশেষ প্রতিনিধি: পূর্ব লন্ডনে একটি মদের বার কিনে সেটিকে পূর্ণাঙ্গ মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন চট্টগ্রাম রাউজানের সন্তান ও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী জিয়া বিন রাসেল। বিশাল ভবনটি নিজের অর্থায়নে কিনে সংস্কার কাজের মাধ্যমে তিনি এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেন।
জিয়া বিন রাসেল কেবল মদের বারকে মসজিদে রূপান্তর করেই ক্ষান্ত হননি, বাংলাদেশসহ বৈশ্বিক প্রেক্ষাপটেও দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ মানবসেবা দিয়ে যাচ্ছেন।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সাভারের নবীনগরে ‘হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’-এর মাধ্যমে তিনি বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। দেশের প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন ও বিভিন্ন আয়মুখী উপকরণ বিতরণ, এবং দুর্গম অঞ্চলের মক্তব-মাদরাসায় আর্থিক সহায়তার মাধ্যমে দুস্থ শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি।
এ ছাড়া ফিলিস্তিনের গাজা ও সুদানের মতো চরম মানবিক সংকটে থাকা দেশগুলোতেও তাঁর সহায়তার হাত প্রসারিত হয়েছে। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
এআইএল/সকালবেলা
|