হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন জেলে আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিনানাথ দাস (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, ভোরে নৌকায় করে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রতন দাসের মৃত্যু হয়। এ সময় বিকট শব্দে বাকি তিনজন আহত হন এবং তাঁদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন