পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) ভোরে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস' (পিমস)-এর মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসন জানায়, বহুতল ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

পিমসের মুখপাত্র ডক্টর আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে ১৫টি শিশু চিকিৎসাধীন ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত ১৪ জন নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে, সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 সূত্র: বিবিসি

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন