কুমারখালীতে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ লাখ টাকার পেঁয়াজ পচে যাওয়া এবং ব্যাংক-এনজিওর কয়েক কোটি টাকা ঋণের চাপ সইতে না পেরে হারুন অর রশিদ খালেক (৩৮) নামের এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বিরিকয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত খালেক ওই গ্রামের সদর উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, খালেক দীর্ঘদিন ধরে ধান, পাট ও পেঁয়াজের ব্যবসা করে আসছিলেন। কয়েক বছর ধরে ব্যবসায় লোকসানের পর চলতি বছর তাঁর প্রায় ৫০ লাখ টাকার পেঁয়াজ পচে নষ্ট হয়ে যায়। এতে ব্যাংক, এনজিও ও স্বজনদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ তিন থেকে চার কোটি টাকায় পৌঁছায়।
সোমবার রাত একটার দিকে ছোট ভাই আব্দুল মালেককে মুঠোফোনে “আমার ছোয়ালডা থাকলো তুই দেখিস” বলে স্থান জানিয়ে দেন খালেক। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে একটি আমগাছের ডালে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|