বাংলাদেশি কৃষকদের ধাওয়া খেয়ে পালাল ভারতের বিএসএফ
বিশেষ প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে অনধিকার প্রবেশ করে কৃষকদের ওপর চড়াও হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওপর চটেছেন স্থানীয় গ্রামবাসীরা। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে রেখে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর প্রধান পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তবর্তী বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, আমঝোল সীমান্তে কয়েকজন স্থানীয় কৃষক নিজেদের জমিতে চাষাবাদ করছিলেন। সে সময় বিএসএফ সদস্যরা নিয়মবহির্ভূতভাবে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ অংশে ঢুকে কৃষকদের মারধর শুরু করেন। বিষয়টি আশপাশের গ্রামবাসীরা জানতে পেরে তাৎক্ষণিক এগিয়ে এসে বিএসএফ সদস্যদের ধাওয়া ও প্রতিরোধ করেন। ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা অস্ত্র ও ওয়াকিটকি ফেলে রেখে নিজ ভূখণ্ডের দিকে সটকে পড়েন।
খবর পেয়ে বনচৌকী বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অস্ত্র ও যোগাযোগ যন্ত্র উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। ঘটনার পর বিজিবির ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সরেজমিনে সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
তিনি জানান, সীমান্ত অনুপ্রবেশ ও এ অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষ হলে ঘটনার সার্বিক বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এআইএল/সকালবেলা
|