১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি তেলবাহী ট্রেনের ওয়াগন

১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি তেলবাহী ট্রেনের ওয়াগন

সারাদেশ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে রাত ১২টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রাত ১টা থেকে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার ১২ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং লাইন বন্ধ থাকায় কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ১৬টি বগি নিয়ে ডিজেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে মনতলা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়লে পাঁচটি তেলের ওয়াগন লাইনচ্যুত হয় এবং একটি অয়েল ট্যাঙ্কার রেল সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইন দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কারগুলো থেকে ডিজেল বের হতে থাকলে স্থানীয়রা তেল সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ট্রেনের গতি ও রেললাইনের ত্রুটিসহ একাধিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। পাঁচটি ওয়াগনে প্রায় দুই লাখ লিটার ডিজেল ছিল, যার মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন