তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, চালকদের ভোগান্তি

তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, চালকদের ভোগান্তি

পুলক রায়, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। 

দায়িত্বে থাকা কর্মকর্তার অবহেলা এবং প্রশাসনের দুর্বল তদারকির কারণে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল থেকেই সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে আজকের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন। নিয়ম অনুযায়ী তার উপস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে তেল সরবরাহ করার কথা থাকলেও, তিনি নিজ দায়িত্ব পালন না করে নিজেই তেল সংগ্রহে ব্যস্ত ছিলেন। ফলে তেল সরবরাহ কার্যক্রমে কোনো তদারকি না থাকায় সাধারণ বাইকারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

ঘটনাস্থলে পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও প্রবেশ ও বাহিরের পথে কোনো কার্যকর নিয়ন্ত্রণ দেখা যায়নি। ফিলিং স্টেশনের দুই পাশ থেকেই অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় পাম্প চত্বরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে তেল সংগ্রহের পরও অনেক বাইকারকে দীর্ঘ সময় জটে আটকে থাকতে হয়েছে।

লাইনে দাঁড়িয়ে থাকা ভুক্তভোগী বাইকাররা জানান, সঠিক ব্যবস্থাপনার অভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও স্বস্তি মিলছে না। ট্যাগ অফিসারের এমন উদাসীনতা এবং পুলিশের ঢিলেঢালা অবস্থানের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তারা দ্রুত এই বিশৃঙ্খলা নিরসনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন