ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় সেচ পাম্পের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রীতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির পাশের ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান রীতা বেগম। মোটরের তারে লিকেজ (ছেঁড়া) থাকায় সংযোগ দেওয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া আক্তার গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাদিয়া আক্তার জানান, “বিদ্যুৎস্পৃষ্ট দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই রীতা বেগমের মৃত্যু হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা ও সেচ মৌসুমে বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ